ইসলামী প্রতিষ্ঠার তৎপরতা
মানব সৃষ্টির উদ্দেশ্য হ’ল আল্লাহর ইবাদত করা, অর্থাৎ সার্বিক জীবনে তাঁর দাসত্ব করা। ইসলামী খেলাফত প্রতিষ্ঠার উদ্দেশ্য হ’ল পূর্ণ নিরাপত্তা ও নিশ্চিন্ততার মধ্যে যাতে আল্লাহর ইবাদত সহজতর হয়। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থায় একজন মুসলমান তার ব্যক্তি জীবনে স্বাধীন থাকলেও সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাষ্ট্রীয় জীবনে সে অনৈসলামী আইনে শাসিত হয় এবং মানুষের দাসত্ব করতে বাধ্য হয়। সূদ-ঘুষের পুঁজিবাদী অর্থনীতি কিংবা সমাজতন্ত্রের রাষ্ট্রীয় পুঁজিবাদ অনুসরণের ফলে মুমিনের রূযী হারাম রূযীতে পরিণত হয়, মানুষের অর্থনৈতিক স্বাধীনতা হরণ করে সুদী অর্থব্যবস্থার গোলামে পরিণত করা হয়। অন্যদিকে দেশের আদালতগুলিতে ইসলামী বিধান অনুযায়ী বিচার ব্যবস্থা না থাকায় সমাজের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা ব্যাহত ও বিপর্যস্ত হয়। আর এ সকল কারণেই একজন মুমিনকে সর্বদা জীবনের সকল দিক ও বিভাগে ইসলাম প্রতিষ্ঠায় তৎপর থাকতে হয়।